বেনাপোল প্রতিনিধি
যশোর ঝিকরগাছা উপজেলায় ইজিবাইকের ধাক্কায় ফারিয়া জান্নাত (৬) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নানা বাড়ি ঈদের আনন্দ করতে এসে প্রাণ গেল শিশুটির। মুহূর্তে ঈদ আনন্দ রুপ নেয় বিষাদে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে ঝিকরগাছা থানা এলাকার বেনেয়ালী-ছুটিপুর সড়কের কামারপাড়া গ্রামের বটতলার ইসহাক মোড়লের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় রোকন হোসেন (৪২) নামের এক চালক যাত্রীবাহী একটি ইজিবাইক নিয়ে বেনেয়ালী থেকে কামারপাড়ার দিকে যাচ্ছিলেন।
এসময় ফারিয়া জান্নাত মাথায় ছাতা নিয়ে হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে গাড়ির সামনের চাকায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফারিয়া জান্নাত শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের লালটু ঢালী ও মাছুরা খাতুনের মেয়ে। ঈদের পরদিন (২২ মার্চ) সে তার নানা ইসহাক মোড়লের বাড়িতে বেড়াতে এসেছিল।
ঘটনার পর ইজিবাইক চালক রোকন হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।