মোঃ আকতারুল ইসলাম আক্তার নিজস্ব প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
চলতি অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট, গ্রীষ্মকালীন মুগডাল ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলী, শফিউল হাসান, মামুনর রশিদ, উপজেলা কৃষক দলের সভাপতি মোশাররফ হোসেনসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।উল্লেখ্য এ উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় পাট চাষের জন্য ১৫০ জন কৃষক প্রত্যেকে পাবেন ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার। মুগডাল চাষের জন্য ১৮০ জন কৃষক প্রত্যেকে পাবেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার।
এছাড়াও, আউস ধান চাষের জন্য ৩ হাজার ২০০ জন কৃষক প্রত্যেকে পাবেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার।