মো: জাহিদ হাসান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী
গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজ–এ তিন শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
আজ (সোমবার) সকাল ১০টার পর কলেজের প্রধান ফটকের সামনে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তাদের প্রতিবাদ জানান।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, উক্ত মামলা উদ্দেশ্যপ্রণোদিত এবং শিক্ষকদের হয়রানির জন্য করা হয়েছে। তারা দ্রুত এই মামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্দোষদের মুক্তি এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে জানান, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তাদের এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মানববন্ধন চলাকালে বিভিন্ন গণমাধ্যমকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায় এবং তারা ঘটনাস্থল থেকে সংবাদ সংগ্রহ করেন।